রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে আহত তরুণ মারা গেছেন - Southeast Asia Journal

রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে আহত তরুণ মারা গেছেন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে আহত হাবিবুল্লাহ (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাবিবুল্লাহ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের আই-৮ ব্লকের বাসিন্দা হোসেন আহমদের ছেলে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাফর বলেন, হাবিবুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এরপর লাশ টেকনাফে আনা হবে।

সোমবার রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নয়াপাড়ায় হাবিবুল্লাহর কাছ থেকে ৮ থেকে ১০ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় হাবিবুল্লাহ তাঁদের বাধা দিলে তাঁকে গুলি করা হয়। এতে হাবিবুল্লাহর পেটে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাবিবুল্লাহকে উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।