রাশিয়ার তেল ভারত হয়ে যাচ্ছে ওয়াশিংটনে, আমেরিকার উদ্বেগ
![]()
নিউজ ডেস্ক
ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে মতানৈক্যের জেরে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে দুই দেশের মধ্যকার যুদ্ধে জেরবার বিশ্ব। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে খাদ্যপণ্য ও তেলের সরবরাহসহ নানা সমস্যায় পড়েছে বিশ্ব। তবে রাশিয়া-ইউক্রেনের সমঝোতার মধ্য ইউক্রেন থেকে ভুট্টা ও গমের চালান বিশ্বে পৌঁছানো শুরু করেছে।
রাশিয়ার তেল কেনা নিয়ে ভারত ও চীন তোপের মুখেও পড়েছে। যুদ্ধের পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পর ভারত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তেল যাচ্ছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
দ্য লাইভ মিন্টের খবরে বলা হয়েছে, আমেরিকার দাবি, রাশিয়ার জাহাজ থেকে আনা তেলই পাঠানো হচ্ছে নিউইয়র্কে। আর তেল পাঠানোর কাজ করছে ভারত। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। রাশিয়া পণ্যের ওপর নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকার। তাদের দাবি, সমুদ্রপথে রাশিয়ার থেকে জ্বালানি তেল আমদানি করে তা নিউইয়র্কে পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমেরিকায় জ্বালানি তেল আনা হয়েছে, তা গোপন করা হচ্ছে।
মার্কিন ট্রেজারি বিভাগ ভারতকে জানিয়েছে, গভীর সমুদ্রে ভারতের জাহাজ রাশিয়ার তেলের ট্যাংকার থেকে জ্বালানি তেল ভরে গুজরাটের বন্দরে আনছে। সেখানে তেল পরিশোধনের পর তা আমেরিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। গতকাল শনিবার আমেরিকার এ দাবির কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর (আর্থিক নীতিবিষয়ক) মাইকেল পাত্র।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকার সেই উদ্বেগের কথা জানিয়েছেন মাইকেল পাত্র। তিনি জানান, আমেরিকার ট্রেজারি বিভাগের পক্ষ থেকে ভারতের কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে দিল্লিতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে কোনোও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে লাইভ মিন্টের খবরে বলা হয়েছে।
বিশ্বের তেল আমদানিকারী দেশগুলোর মধ্যে তৃতীয় ভারত। ভারত সাধারণত রাশিয়া থেকে তেল কেনে না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ রাশিয়ার পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির পরে কম দামে তেল বিক্রি শুরু করে মস্কো।
এ সুযোগে ভারত কম দামে তেল কিনছে রাশিয়া থেকে। যুদ্ধ ঘোষণা হওয়ার পর অনেক দেশ রাশিয়ার বিরোধিতা করলেও বিরোধিতা করেনি ভারত। মনে করা হয়, রাশিয়ার সঙ্গে ভারত একটা কৌশলী সম্পর্ক বজায় রেখে চলেছে।