টেকনাফে পৌনে ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১ লাখ ৭০ হাজার ইয়াবার চালান বোঝাই ইঞ্জিন বোটসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে।
মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফে যৌথ সংবাদ সম্মেলনে জানায়, ভোররাত ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে মিয়ানমার সীমান্ত হতে একটি ফিশিং বোটকে বাংলাদেশ সীমানায় ঠোকার পর কোস্টগার্ড সদস্যরা তাদের ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করার পর তাদের থামায়। পরে বোট তল্লাশি করে ১টি বস্তা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও ১টি সিমকার্ড বিহীন স্মার্টফোন (ভাঙ্গা), ইঞ্জিন চালিত কাঠের বোটসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে। তারা হলেন, আকিয়াব জেলার ঘাটিয়াখালী থানার নাপং মাস্টার দিল মোহাম্মদ মাঝি এলাকার মৃত নুর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ (২২), ক্যাম্প পাড়ার তোবারক মাঝির এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মো. শরিফ (২৭), মোহাম্মদ হোছন মাঝি এলাকার মিজ্জি-২ এর বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র মো. হোছন (৩৮), ক্যাম্পপাড়া তোবারক মাঝি এলাকার মৃত হারেদের পুত্র ছৈয়দুর রহমান (৪৩), আলছান মাঝি এলাকার মৃত রশিদ আহমদের পুত্র মো. হোছন (২৭) এবং ক্যাম্পপাড়া তবারক হোছন মাঝি এলাকার নুর কবিরের পুত্র নুর হোসেনকে (২১) গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, জব্দকৃত ইয়াবা, কাঠের বোটসহ আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।