বড়দিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা জোনের অনুদান বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বাৎসরিক খ্রিস্টীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা জোন সদরে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব নগদ অনুদান তুলে দেন জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ।
এসময় দীঘিনালা উপজেলার ‘নয় মাইল যিহোবা যিরি ব্যাপ্টিস্ট চার্চ’ এর যাজক প্রদীপ ত্রিপুরা এবং ভৈরফা এলাকার ‘কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চ’ এর যাজক জহর লাল চাকমার হাতে এসব নগদ অনুদান তুলে দেয়া হয়।
যাজক প্রদীপ ত্রিপুরা জানান, ‘বড়দিন আমাদের খুবই একটি তাৎপর্য দিন। এদিনে সকালে পুত:পবিত্র হয়ে নতুন পোশাক পরে প্রার্থনা করি। ঘরে ঘরে উন্নত খাবারের আয়োজন করা হয়। তাই বড়দিন উপলক্ষে এই অনুদান আমাদের খুবই উপকারে আসবে।’
দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ জানান, ‘বড়দিনের উৎসব ভাগাভাগি করে নিতে আমাদের দীঘিনালা জোনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। সকলে যাতে বড়দিনের উৎসব যাতে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন এই প্রত্যাশা রইলো।’