টেকনাফে বিদেশি বিয়ার ও মদসহ আটক ১ - Southeast Asia Journal

টেকনাফে বিদেশি বিয়ার ও মদসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টেকনাফ উপজেলার সাবরাংয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন অধীন বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক এসব মাদক আটক করা হয়। সেই সাথে খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করে।

সূত্র জানায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এলাকার নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাজারপাড়া নাফ নদী সংলগ্ন রাস্তা দিয়ে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায় । ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়।

পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পাওয়ায় বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। সে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রামের বাসিন্দা। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি চালিয়ে মিয়ানমারের ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল মদ জব্দ করা হয়।

জব্দকৃত বিয়ার ক্যান, বিদেশি মদ ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।