ঈদ-উল ফিতর উপলক্ষে রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদুতে পবিত্র ঈদ উল ফিতর এবং বিজু উৎসব উপলক্ষে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে লংগদু সেনা জোন।
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে মাইনীমুখ আর্মি ক্যাম্প, লংগদু জোনের পক্ষ থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ও বিজু উৎসব উপলক্ষ্যে প্রায় ৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রীসমূহ লংগদু জোনের সকল সদস্যদের সঞ্চিত আহার সামগ্রী থেকে প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সাব জোন থেকে একযোগে সকল এলাকায় এসকল সামগ্রী প্রদান করা হয়।
এসময় সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া সকলের মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।