মিয়ানমার সংকটঃ বিদ্রোহী হামলায় আরও ঘাঁটি ও সেনা হারিয়েছে জান্তা
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর দুই জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশন্সের (ইআও) কাছে আরও তিনটি ঘাঁটি হারিয়েছে ক্ষমতাসীন জান্তা। এ ছাড়া জান্তা-বিদ্রোহী লড়াইয়ে এ সময় ২০ সেনা নিহত হয়েছে। খবর ইরাবতীর।
প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ও রাখাইন প্রদেশ এবং মান্দালয়, সাগাইং, মেগওয়ে ও তানিনথারি জেলায় ঘটেছে এসব ঘটনা। গত তিন দিন ধরে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে এ দুই প্রদেশ ও জেলাগুলোতে। যে তিনটি সামরিক ঘাঁটির দখল হারিয়েছে জান্তা, সেগুলোর সবই মিয়ানমারের সর্ব উত্তরের প্রদেশ কাচিনে। প্রদেশটির মানসি শহরে তিন দিন ধরে ব্যাপক সংঘাতের পর নিকটবর্তী মাজি গাং এলাকার ঘাঁটিগুলো দখলে নিয়েছে পিডিএফের কাচিন প্রাদেশিক শাখার যোদ্ধারা। পিডিএফের পক্ষে এই সংঘাতে নেতৃত্ব দিয়েছে কাচিনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কিয়া)।
কাছাকাছি অবস্থিত এই তিন ঘাঁটির নিয়ন্ত্রণ ছিল মিয়ানমারের সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের হাতে। গত তিন দিনের সংঘাতে জান্তা বাহিনীর গুলিতে কিয়ার একজন কর্মকর্তা নিহত এবং পিডিএফের পাঁচ যোদ্ধা আহত হয়েছে। এর আগে জানুয়ারিতে কাচিনে একটি পুলিশ স্টেশনসহ ছয়টি ঘাঁটি ও সামরিক স্থাপনার দখল নিয়েছে কিয়া।