রোহিঙ্গাদের জোর করে মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগের তথ্য ফাঁস
![]()
নিউজ ডেস্ক
বর্বর হত্যা-নির্যাতন ও ভিটেমাটি ছাড়া রোহিঙ্গাদের এবার জোর করে মিয়ানমারের সেনাবাহিনীতে নিয়োগের তথ্য ফাঁস করেছে ভুক্তভোগীরা। তাদের দাবি, এদের সংখ্যা কমপক্ষে এক লাখ ৫০ হাজার।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সাক্ষাৎকার গ্রহণের সপ্তাহেই অন্তত একশ’ রোহিঙ্গা যুবককে সেনা প্রশিক্ষণের জন্য তুলে নেওয়ার তথ্য পাওয়া গেছে। গোপনীয়তার স্বার্থে তাদের নাম পরিচয়ও পাল্টে দেওয়া হচ্ছে।
তিন সন্তানের জনক মোহাম্মদ ছদ্মনামের যুবক জানিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প থেকে পুরুষদের নিয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে রাখাইনের রাজধানী সিত্তের বাও-দু-ফা ক্যাম্প থেকে তাকে ধরে নেওয়া হয়। এই কাজে সহায়তা দিচ্ছে রোহিঙ্গাদেরই একটি গোষ্ঠী। আর এতে রাজি না হলে পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে।
দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে মোহাম্মদকে ক্যাম্পে ফেরত পাঠানোর দু’দিনের মাথায় ডেকে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়। গতবছরের শেষে বিদ্রোহীদের হামলা জোরালো হলে অস্ত্র চালনায় প্রশিক্ষিত রোহিঙ্গাদের দিয়ে তা প্রতিহতের চেষ্টা চালাচ্ছে মিয়ানমার সরকার। ২০১৭ সালে সামরিক জান্তা বাহিনী ও বৌদ্ধ উগ্রবাদীদের নিপীড়নে চরম আকার নিলে ওই ক্যাম্প থেকে অন্তত সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে অন্তত ছয় লাখ রোহিঙ্গা ওই ক্যাম্পে অবস্থান করছে।