বান্দরবান অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস পার্বত্য উপদেষ্টার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের লামায় অগ্নিকাণ্ডে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে লামার সরইয়ের ডলুছড়ি মৌজার টঙ্গাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা দরকার। পার্বত্য এলাকা এমনিতেই স্পর্শকাতর। এর মধ্যে মিয়ানমার সীমান্ত বেশি দূরে না। ওখানেও গোলমাল চলছে। মিয়ানমারের গোলমাল যেন এখানে না আসে এটাও আমাদের খেয়াল রাখতে হবে।’
এ সময় তিনি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সে (মিয়ানমার) আগুন যেন এখানে আসতে না পারে সেজন্য খেয়াল রাখতে বলেন।
তিনি বলেন, ‘শুধু আজ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু তারাই না, এলাকায় যারা যারা আছেন সবাই যেন নিরাপদ থাকতে পারে সেজন্য আমরা দিনরাত চিন্তা করছি।’
উপদেষ্টা বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। যারা বাইরে আছেন তাদেরও আটক করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগাঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে জড়িত ৪ আসামিকে আটক করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।