সীমান্তের মানুষের পাশে বিজিবি: নাইক্ষ্যংছড়িতে অসহায় পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় অসহায় পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দীন কায়েস।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র্য, দুর্গমতা ও জীবনযাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এই ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলের মানুষ নানা প্রতিকূলতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে বসবাস করেন। বিজিবির এই মানবিক পদক্ষেপ শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে এবং শান্তিপূর্ণ সামাজিক আবহ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিজিবি সদস্যরা উপস্থিত অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিজিবি নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।