খাগড়াছড়িতে অসহায়দের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা, বিতরণ হলো সাড়ে পাঁচ লাখ টাকার অনুদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) খাগড়াছড়িতে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিনের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে চিকিৎসা ও মানবিক সহায়তা হিসেবে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে রোগভোগ, চিকিৎসা ব্যয়ের চাপ ও আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. আব্দুল সাত্বার ফকির, মো. শহীদুল ইসলাম, ওমেন ত্রিপুরা, মো. সেলিম মিয়া, নজরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, এম সাইফুর রহমান, সাইফুর ইসলাম, মো. আব্দুর রহিম, রাম জ্যোতি ত্রিপুরা, রনি ত্রিপুরা এবং হিল আনসার রবিউল। এ কার্যক্রমের মাধ্যমে সর্বমোট ৫ লাখ ৩৭ হাজার ৬০ টাকা চিকিৎসা ও মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।
স্থানীয়দের ভাষ্য, চিকিৎসা ব্যয়ের অক্ষমতায় অনেক অসহায় পরিবার যখন চরম দুর্ভোগে পড়ে, তখন সেনাবাহিনীর এ ধরনের সহানুভূতিশীল ও দায়িত্বশীল উদ্যোগ তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। তারা মনে করেন, নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও সেনাবাহিনীর এই ভূমিকা পাহাড়ি জনপদের মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, পুনর্বাসন ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।