আলীকদমে মাদক ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সেনা জোন–প্রশাসনের যৌথ অভিযান, তিনজনের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় মাদক ও মানবপাচারবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ একাধিক মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ অভিযান পরিচালনা করা হয়। আলীকদম সেনা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের সমন্বয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া হয়। আলীকদম জোন সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই এলাকায় পরিচালিত অভিযানে আরিফুল হক নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়, যিনি একটি মানবপাচার মামলার সঙ্গে জড়িত ছিলেন। তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে কানামেম্বার ঘাট চেকপোস্টে অভিযান চালিয়ে রিয়াদ নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। একই দিনে জাফর নামের আরেক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হলেও অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আলীকদম থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আলীকদম থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও মানবপাচারের মতো অপরাধ দমন করে আলীকদম অঞ্চলের জনগণকে নিরাপদ রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, অপরাধমুক্ত ও নিরাপদ আলীকদম নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পার্বত্য বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে মাদক ও মানবপাচার দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিলেও সাম্প্রতিক যৌথ অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান নতুন করে দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।