টেকনাফে নৌবাহিনীর অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি আটক
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৯ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় নৌবাহিনীর একটি বিশেষায়িত আভিযানিক দল অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরফে বরমাইয়া রফিককে আটক করে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট মাদক পাচারের একটি চালানের বিষয়ে তথ্য পায়। প্রাপ্ত তথ্যের আলোকে নৌবাহিনীর আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন স্থানে কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সিএনজি যোগে ঘটনাস্থলে উপস্থিত হলে মোঃ রফিককে আটক করা হয়। প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে যে, মাদকের চালানটি তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে।
উক্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে মাটির স্তুপের নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটককৃত মোঃ রফিক ওরফে বরমাইয়া রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বর্তমানে ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় নৌবাহিনীর ধারাবাহিক এসব অভিযান নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।