মাগুরার শালিখায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
![]()
নিউজ ডেস্ক
মাগুরা জেলার শালিখা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শালিখা থানাধীন সবলাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মানিক হোসাইন (২২) ও কালাম মোল্লা (৫১) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানটি সেনাবাহিনীর নেতৃত্বে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শালিখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও অপরাধচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা জনমনে নিরাপত্তাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।