খাগড়াছড়ির কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড: সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে আগুন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলার কলাবাগান এলাকায় আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে মোঃ নুরুল আলম (৩৩)সহ তিনজন দগ্ধ হন। তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল আলমের পিঠের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে কাজ করেন।
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন, যা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মোঃ সাজ্জাদ ইসলাম সুজন (৩৭) ও মোঃ এরশাদ আলম (৩৫)-এর মালিকানাধীন দুটি আধা-পাকা বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশন অফিসার মকুল কুমার নাথ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা হিসেবে অনুমান করেছেন, তবে মালিক ও স্থানীয়রা প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

খবর পেয়ে তাৎক্ষনিক সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দু হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ও সমন্বিত প্রচেষ্টা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।