এনসিটি চুক্তি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ; নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সইয়ে নিষেধাজ্ঞা
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার পথে বাধা সরিয়ে দেওয়া হাইকোর্টের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
শুনানিকালে রিটকারীর আইনজীবী বিতর্কিত রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) জারির আবেদন জানান। এ সময় বিচারপতি মন্তব্য করেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে না।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং রিটকারীদের পক্ষে ব্যারিস্টার আনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার হাইকোর্টের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আজ শুনানির জন্য উপস্থাপন করা হয়।
তিনি বলেন, “শুনানি শেষে চেম্বার জজ আমাদের আপিল গ্রহণ করেছেন এবং প্রধান বিচারপতির গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি পাঠিয়েছেন। আমরা রায়ের ওপর স্থগিতাদেশ চেয়েছিলাম। আদালত আশ্বস্ত করেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার চুক্তি স্বাক্ষরের কোনো পদক্ষেপ নিতে পারবে না।”
এদিকে, এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর শ্রমিক ও কর্মচারীদের ডাকা কর্মবিরতি আজ চতুর্থ দিনে গড়িয়েছে।
শনিবার শুরু হওয়া কর্মসূচি প্রথম তিন দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালন করা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি বাড়ানোর ঘোষণা দেন।
দিনের পরবর্তী সময়ে শ্রমিক নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, এনসিটি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।
বিরোধের মূল বিষয় হলো, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ব্যবস্থার আওতায় নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনা।
এ বিষয়ে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়।
বাংলাদেশ ইয়ুথ ইকোনমিস্টস ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন গত বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অপারেটরের মধ্যকার চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট দায়ের করেন।
প্রাথমিক শুনানি শেষে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।
এরপর ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিভক্ত রায় দেন।
বিচারপতি ফাতেমা নাজিব পিপিপি আইন ২০১৫ এবং সরকার-টু-সরকার নীতিমালা ২০১৭ লঙ্ঘনের কথা উল্লেখ করে চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অপরদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করেন।
পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠানো হয়।
গত ২৯ জানুয়ারি একক বেঞ্চ রুল খারিজ করে দেন, ফলে চুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সব আইনি বাধা দূর হয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করে।
তবে মঙ্গলবার আপিল গ্রহণের মাধ্যমে বিষয়টি পুনরায় বিচারাধীন (সাব জুডিস) হয়ে পড়ায়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি চুক্তি স্বাক্ষরে আইনগত বাধা সৃষ্টি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।