রমজানকে সামনে রেখে রাঙামাটির বরকলের এতিম ও হেফজ শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফারুক-ই-আযম (রা.) দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় প্রতিষ্ঠানটির দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের বসার জন্য ২০টি বেঞ্চও হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রমজান উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের জন্য মোট ৭৬ হাজার টাকা নগদ সহায়তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সুবিধার্থে বেঞ্চ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। দুর্গম পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ছোট হরিণা বিজিবি জোন নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী দুর্গম এলাকার এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।