তুরস্কের কেন্দ্রস্থলে অত্যাধুনিক মার্কিন যুদ্ধাস্ত্র মোতায়েন
![]()
নিউজ ডেস্ক
তুরস্কের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। ন্যাটো তুরস্কের আকাশসীমায় ইরান থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর একদিন পরই নেয়া হলো এই সিদ্ধান্ত। মঙ্গলবার (১০ মার্চ) আঙ্কারার বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সীমান্ত এবং আকাশসীমার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ন্যাটো ও আমাদের মিত্রদের সাথে পরামর্শ করা হচ্ছে। জাতীয় পর্যায়ে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি তার পাশাপাশি, ন্যাটো তার বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
এতে আরও বলা হয়, ‘এই সুযোগের মধ্যে, মালাতিয়ায় আমাদের আকাশসীমার সুরক্ষায় সহায়তা করার জন্য নির্ধারিত একটি প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হচ্ছে।’
তুরস্কের মধ্যাঞ্চলে অবস্থিত মালাতিয়া কুরেসিক বিমান ঘাঁটি। এটি মার্কিন সেনাদের দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে ন্যাটোর একটি পূর্ব-সতর্কীকরণ রাডার সিস্টেম রয়েছে। এই রাডারে ধারণ করা ডাটা কখনও ইসরায়েলকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলকে সহায়তার এমন দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছে আঙ্কারা।
কুরেসিক ছাড়াও মার্কিন সেনারা ইনসিরলিক বিমান ঘাঁটিতেও অবস্থান করছে, যা আদানার মাত্র ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।