থার্ড টার্মিনালকে আন্তর্জাতিক ‘হাব’ করার পরিকল্পনা: ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক বৈঠক
![]()
নিউজ ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ ছাড়াও পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।
বৈঠকে তৃতীয় টার্মিনাল পরিচালনার কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এবং এতে জাপানি বিনিয়োগ ও ব্যবস্থাপনার বিভিন্ন মডেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমান বৈশ্বিক এভিয়েশন চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে এই টার্মিনালকে একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে উভয় পক্ষ তাদের পরিকল্পনা বিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে পরিচালনা সংক্রান্ত জটিলতা নিরসন এবং দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশই বিমানবন্দরের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে একমত পোষণ করেছে।
উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি মাইলফলক, যার সফল পরিচালনার ওপর দেশের ভাবমূর্তি ও ব্যবসা-বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।