মাটিরাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আহতদের একজন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
হামলায় আহতরা হলেন—মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীণ ত্রিপুরা, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন ত্রিপুরা এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল। আহতদের মধ্যে প্রবীণ ত্রিপুরা ও সুমন ত্রিপুরা বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুমন ত্রিপুরা জানান, আলুটিলা পুনর্বাসন এলাকায় আওয়ামী লীগের লোকজন অবস্থান করছে—এমন খবর পেয়ে তারা ৭ থেকে ৮টি মোটরসাইকেলে সেখানে যান। এ সময় পেছন দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, শুক্রবার বিকেলে আলুটিলা পুনর্বাসন এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে কথা বলার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের ওপর আবারও হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গুইমারা উপজেলার হাফছড়িতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং খাগড়াছড়ি সদরে ভূমি ও সমাজসেবা অফিসসহ পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।