ভালো কাজের আশায় ভারতে, সাজা খেটে ফিরল শিশুসহ ৩৩ জন
![]()
নিউজ ডেস্ক
ভালো কাজের আশায় অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিভিন্ন মেয়াদে সাজা খেটে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন নারী-শিশুসহ ৩৩ জন।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসাদের মধ্যে চারজন শিশু ও চারজন নারী আছেন। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পাবনা, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, রংপুর, কুমিল্লা, নেত্রকোণা, গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।
মোর্তজা আলী বলেন, “ভালো কাজের আশায় তারা বিভিন্ন সময় সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ভারতে যান। সেখানে চেন্নাই শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় সে দেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।
পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায় বলে জানান তিনি।
তিনি বলেন, সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে শেল্টার হোমে রাখেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর এরিয়া কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ফেরত আসারা চেন্নাইয়ে গিয়ে আটক হওয়ার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হয়। এক পর্যায়ে তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করা হয় বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।