বাংলাদেশিদের জন্য অভিবাসী ও নন-ইমিগ্র্যান্ট ভিসা সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এই সিদ্ধান্তের আওতায় অভিবাসী ভিসার পাশাপাশি পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (২৩ মার্চ) মার্কিন দূতাবাস ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের প্রধান দায়িত্ব হলো দেশটির করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে বিদেশি নাগরিকরা সেখানে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এবং সেই তালিকায় বাংলাদেশও রয়েছে।
দূতাবাস আরও জানায়, সরকারি কল্যাণ সুবিধার ওপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদ্যমান অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সাময়িক স্থগিতাদেশের সময় ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এমন নীতিমালা প্রণয়নই লক্ষ্য, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
তবে এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে কিংবা ইতোমধ্যে প্রক্রিয়াধীন ভিসা আবেদনগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।