মহেশখালীর সোনাদিয়া চরে হামলার শিকার নিউজিল্যান্ডের পর্যটককে উদ্ধার করল কোস্টগার্ড
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের পর্যটক জন এডওয়ার্ড পাডনি ও তাঁর পরিবারের চার সদস্যকে দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, পর্যটকরা ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে সমুদ্রপথে বিশ্বভ্রমণের জন্য কাঠের বোট/ট্রলারের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। তবে তাদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোস্টগার্ড আগেই সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করেছিল। পাশাপাশি ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে কোস্টগার্ডের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। একই সঙ্গে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
সাব্বির আলম সুজন জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেছে। ঘটনা তদন্ত এবং অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটক জন এডওয়ার্ড পাডনি কোস্টগার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, মহেশখালীর সোনাদিয়া চর পর্যটন ও সমুদ্রভ্রমণের জন্য পরিচিত হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে পর্যটকদের নিয়মিত সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনার প্রয়োজন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।