অস্ট্রেলিয়াগামী বিমানে নারীকে ধর্ষণের অভিযোগে এক ভারতীয় যাত্রী গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি ফ্লাইটে নিজের পাশের আসনে বসা এক নারীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্ত সুধীর কুমার চৌহান গত সোমবার স্কুট এয়ারলাইন্সের ওই ফ্লাইটে নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী দ্রুত বিষয়টি ফ্লাইট ক্রুদের জানালে তাকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি এয়ারলাইন্সের কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর নজর রাখেন।
বিমানটি গন্তব্যে অবতরণের পরপরই অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং সম্মতি ছাড়া একাধিকবার অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে।
এএফপির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেছেন, ভ্রমণের সময় প্রতিটি যাত্রীর নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে উড়োজাহাজের মতো আবদ্ধ জায়গায় অন্য যাত্রীদের কাছাকাছি থাকার সময়। তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, এএফপি বা বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের জানাতে উৎসাহিত করা হচ্ছে। বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন কাজ গ্রহণযোগ্য নয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকার তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে এবং আগামী শুক্রবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে স্কুট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।