নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি গঠন: খাগড়াছড়িতে ৪০ জনের বিরুদ্ধে মামলা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
তিনি জানান, গত ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা জড়ো হয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালন করে।
মামলায় জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০-৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, এ ঘটনায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
ওসি কায় কিসলু বলেন, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক বাদশা বুলবুল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।