নানিয়ারচরে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ: সেনাবাহিনীর উদ্যোগে যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচরে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে নানিয়ারচর জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান।
অনুষ্ঠানে তিনি উপজেলার বুড়িঘাট ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের হাতে ক্রিকেট ব্যাট, থাই প্যাড, হেলমেট, ক্রিকেট বল, ব্যাটিং গ্লাভস এবং কিট ব্যাগসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সরঞ্জাম তুলে দেন।
এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পার্বত্য এলাকায় খেলাধুলার সরঞ্জামের অভাব দীর্ঘদিনের, এমন উদ্যোগ যুবসমাজকে নতুনভাবে উৎসাহিত করবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।