টেকনাফের নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

টেকনাফের নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

টেকনাফের নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার দুপুরে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইলপাড়া এলাকার আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), নয়াপাড়া এলাকার আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), গুড়া মিয়া (৬৫) ও আব্দুল মোতালেব (৩৮)।
প্রত্যক্ষদর্শী জেলে জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ ও নয়াপাড়া এলাকার ১৫-২০টি নৌকা বাংলাদেশ জলসীমার ঘোলার চর এলাকায় মাছ শিকার করছিল। এসময় মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করে। অন্য নৌকাগুলো পালিয়ে আসতে সক্ষম হলেও দুটি নৌকা ধরে নিয়ে যায় তারা। ধরে নেওয়ার সময় জেলেদের মারধর করা হয়েছে বলেও জানান তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা খুবই গরিব। আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। তারা না ফিরলে আমাদের পরিবার অনাহারে থাকবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিল। ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই দরিদ্র জেলে। দ্রুত তাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।