মণিপুরে পৃথক অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ২ জঙ্গি গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল পশ্চিম জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে দুইটি ভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোববার ইম্ফল পশ্চিম জেলার লাংগোল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০টি পিস্তল (প্রতিটির সঙ্গে ম্যাগাজিন), পাঁচটি ৩৮ মিমি অ্যান্টি-রায়ট রাবার শেল, একটি ডেটোনেটর, চারটি খালি কার্তুজ, একটি ইনসাস রাইফেল (দুটি ম্যাগাজিনসহ), একটি .৩০৩ রাইফেল (ম্যাগাজিনসহ), একটি সিঙ্গেল বোর ব্যারেল, চারটি বোল্ট অ্যাকশন রাইফেল এবং ৫.৫৬ মিমি ক্যালিবারের পাঁচ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার একই জেলার ইনগেল পাহাড় এলাকায় পরিচালিত আরেক অভিযানে দুইটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, দুইটি .৩২ পিস্তল, দুইটি ৩৬ এইচই গ্রেনেড এবং বিভিন্ন ক্যালিবারের ৯৯ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
এদিকে, রোববার থৌবাল জেলা থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি-আপুনবা) সংগঠনের সক্রিয় সদস্য লেইশ্রম গোপেন সিং ওরফে পুংশিবা (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং টি-শার্ট ও ইউনিফর্মসহ ছদ্মবেশী পোশাক উদ্ধার করা হয়।
অন্যদিকে, শনিবার ইম্ফল পূর্ব জেলার সাওমবুং খুঞ্জাও এলাকা থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি-মিয়ামগি ফিঙ্গাং লানমি (কেসিপি-এমএফএল) সংগঠনের সদস্য হুইদ্রম সুন্দর সিং ওরফে সানাথোই ওরফে সালাই (৪১) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।