বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে ছাই
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান সদর উপজেলার ৬নং জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে বান্দরবান ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সবকিছু পুড়ে গেছে। এতে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তাদের দাবি, এ ঘটনায় অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্গম এলাকার কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতেও একই বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।