জনসচেতনতা বৃদ্ধিতে আলীকদমে সেনা জোনের উদ্যোগে অগ্নিনির্বাপন মহড়া
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম বাজার এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত উদ্ধার সক্ষমতা জোরদারের লক্ষ্যে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে ২০২৬) আয়োজিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে আলীকদম সেনা জোন।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত এ মহড়ায় অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আগুন নিয়ন্ত্রণ, নিরাপদ উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন ব্যবহারিক দিক উপস্থাপন করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপন সরঞ্জামের ব্যবহার, ফায়ার এক্সটিংগুইশার পরিচালনা, গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত আগুন প্রতিরোধের কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পদ্ধতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের বাস্তবধর্মী অনুশীলন পরিচালনা করা হয়। স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা অর্জন করেন।
মহড়ায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, জোন স্টাফ অফিসার, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক জানান, দুর্গম পার্বত্য এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সবসময় স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের মহড়া স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বেসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও আস্থা আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।