বান্দরবানে “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় বান্দরবানেও “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হবে। মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, জমাবন্দিসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে জনগণকে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। বিশেষ করে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সহজ, দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার ভূমি কর্মকর্তা আবু ছালেহ মো. আরমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।