সাজেকে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশু, দুর্গম এলাকায় আরও কয়েকজন আক্রান্তের আশঙ্কা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত ওল্ডলংকর এলাকা থেকে হাম সন্দেহে এক শিশুকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ভর্তি হওয়া শিশুটির নাম জেনি ত্রিপুরা (১ বছর ৭ মাস)। শিশুটির মা সাংগ্রী ত্রিপুরা জানান, গত সাতদিন ধরে জ্বরে ভুগছিল তার সন্তান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের ওই দুর্গম এলাকায় জ্বর ও শরীরে লালচে দাগসহ একই ধরনের উপসর্গ নিয়ে আরও কয়েকজন শিশু আক্রান্ত রয়েছে। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সবুজ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি হাম আক্রান্ত হতে পারে। তবে আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে রাঙামাটি জেলায় এখন পর্যন্ত চারজন হাম রোগী শনাক্ত হয়েছিল। তারা সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সাজেকের দুর্গম এলাকাগুলোতে এখনো স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন হওয়ায় সাধারণ মানুষ সময়মতো চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে শিশুদের চিকিৎসা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় পাহাড়ি পরিবারগুলোকে।
প্রসঙ্গত, ২০২০ সালে সাজেকে একই ধরনের পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাঁচ শিশুর মৃত্যু হয়েছিল। তখনও দুর্গমতা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছিলেন সংশ্লিষ্টরা। এবারও একই ধরনের উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।