গুইমারায় বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাগর চৌধুরী গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারায় বিশেষ যৌথ অভিযানে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুইমারা উপজেলা শাখার সাবেক সভাপতি সাগর চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৭টার দিকে সিন্দুকছড়ি জোন সদরের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুদুংপাড়া এলাকায় আসামির স্ত্রীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগর চৌধুরী গুইমারা থানার দার্জিলিং টিলা এলাকার মৃত নিরঞ্জন চৌধুরী ও মায়া রানী চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যমতে, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি ওয়াকিটকি ও চার্জার, একটি বিদেশি হাতুড়ি সংযুক্ত চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৬টি চাঁদা আদায়ের রশিদ বই।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাগর চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে হত্যা এবং নারী ও শিশু নির্যাতনসহ তিনটি গুরুতর মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাও রয়েছে।
মামলাগুলোর মধ্যে রয়েছে—জিআর-১৪১/২১, ধারা ৩৪১/৩২৩/৫০৬ পেনাল কোড, যা খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বিচারাধীন। এছাড়া একই জিআর নম্বরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় আরেকটি মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অন্যদিকে এসটি-১৯৭/১৯ ও জিআর-৪১২/১৮ নম্বর হত্যা মামলায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারায় অভিযোগ রয়েছে।
অভিযান শেষে সকাল সাড়ে ৯টার দিকে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাগর চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা অপরাধ দমনে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতার প্রশংসা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।