ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত একটি মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তসংলগ্ন মরিঙ্গাঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সতনাইং তঞ্চঙ্গা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা কিংহ্লা তঞ্চঙ্গার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সতনাইং তার বাবা-মায়ের সঙ্গে সীমান্তসংলগ্ন একটি জুমক্ষেতে কাজ করতে যায়। দুপুরের দিকে তার বাবা জুমের ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় সতনাইং আশপাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে সে একটি পরিত্যক্ত মর্টার শেল খুঁজে পায়। পরে সেটি নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। বিস্ফোরণের সময় তার বাবা-মা কাছেই অবস্থান করছিলেন।

ঘটনার পর বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নিহত শিশুসহ তার পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তারা বাংলাদেশে এসে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় সরকারি খাস জমিতে বসবাস শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত একটি মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় সতনাইং তঞ্চঙ্গা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার কারণ ও বিস্ফোরকটির উৎস সম্পর্কে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তবর্তী এলাকায় অতীতের সংঘাত ও গোলাবর্ষণের ফলে বিভিন্ন সময়ে অবিস্ফোরিত গোলা বা মর্টার শেল পড়ে থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা এসব অবিস্ফোরিত বিস্ফোরক দ্রুত শনাক্ত ও অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *