উখিয়ায় ১৩০ অসহায় জেলে ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় ১৩০ জন অসহায় জেলে ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর উদ্যোগে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র, দুস্থ ও জেলে পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া এবং টোস্ট বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং হ্নীলা বিওপির কমান্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিজিবির অধিনায়ক স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনসাধারণের আস্থা অর্জন এবং মানবিক দায়িত্ব পালনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, হ্নীলা সীমান্ত এলাকা মাদক ও চোরাচালানপ্রবণ হওয়ায় এসব অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক কারবারি ও চোরাকারবারিদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি তাদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিজিবি মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বিজিবি সদস্যরা সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতা বিজিবির মনোবল বৃদ্ধি করবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের আরও উৎসাহিত করবে। তিনি জোর দিয়ে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মানবিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রেখেছে বাহিনীটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।