বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব একাধিক পরিবার
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পৌর শহরের বালাঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি পরিবার মুহূর্তেই সর্বস্ব হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা তপন মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে আগুনের শিখা ছোট থাকলেও অল্প সময়ের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরগুলো পাশাপাশি ও ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে ততক্ষণে ভাড়াটিয়াসহ অন্তত ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজনীয় মালামাল, নগদ অর্থ, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বের করার সুযোগ পায়নি। ফলে অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা তপন মল্লিক, খোকন ও ইউনুস জানান, সকালে তারা ঘরে তালা দিয়ে দৈনন্দিন কাজে বাইরে যান। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন আগুন তাদের ঘর গ্রাস করেছে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

তারা বলেন, বছরের পর বছর ধরে সঞ্চয় করে গড়ে তোলা ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁই নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তারা।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দ্রুত সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।