সড়কে শৃঙ্খলা ফেরাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর অভিযান, জরিমানা ও যানবাহন জব্দ
![]()
নিউজ ডেস্ক
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে মাটিরাঙ্গার মুসলিম পাড়া ও দশ নম্বর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা জোনের ওয়ারেন্ট অফিসার রবিউলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি সি-টাইপ টহল দল এবং পুলিশের ট্রাফিক সার্জেন্ট অফিসার জব্বারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান চালায়। অভিযানকালে সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিস্ট্রেশন, ফিটনেস এবং চালকদের ট্রাফিক আইন প্রতিপালনের বিষয়গুলো কঠোরভাবে তদারকি করা হয়। বিশেষ করে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া গতির অভিযোগে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে ট্রাফিক সার্জেন্ট জব্বার জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুটি মোটরসাইকেল আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একই সাথে তিনি চালক, যাত্রী ও পথচারীসহ সকলকে দেশের প্রচলিত ট্রাফিক আইন মেনে চলার উদাত্ত আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।