আকস্মিক বিস্ফোরণে কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত
![]()
নিউজ ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় আকস্মিক বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে কাশ্মীরভিত্তিক সংবাদমাধ্যম কাশ্মীর অবজারভার।
প্রতিবেদনে বলা হয়, উরি সেক্টরের কামালকোট এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহত দুই সেনাসদস্য হলেন মহারাষ্ট্রের বাসিন্দা অর্জুন যাদব ও বিক্রম বালকৃষ্ণ। তারা ভারতীয় সেনাবাহিনীর ৮ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বিস্ফোরণে দুই সেনাসদস্য গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত সেনাবাহিনীর বেস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে বিস্ফোরণের কারণ বা এর পেছনের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এক বার্তায় তিনি বলেন, “আমাদের বীর সন্তানদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমি স্যালুট জানাই। কর্তব্যের প্রতি তাদের নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে। এই শোকের মুহূর্তে আমরা শহীদদের পরিবারের পাশে রয়েছি।”
এদিকে শ্রীনগরভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস নিহত সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, “তাদের অদম্য সাহস, নিষ্ঠা এবং আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছি।”
উল্লেখ্য, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তা উত্তেজনা ও সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এ অঞ্চলে প্রায়ই গোলাগুলি, অনুপ্রবেশবিরোধী অভিযান এবং বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। তবে সর্বশেষ এ বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।