খাগড়াছড়ির রামগড়ে ৯ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখার সাধারণ সম্পাদক এবং রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দ্বিন আল জান্নাত বলেন, “জ্ঞানের আলো বিতরণকারী শিক্ষকদের আজ বিদায় জানাতে হচ্ছে। দীর্ঘ বছর ধরে তারা বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। জাতি গঠনের এ মহান কারিগরদের বিদায় জানাতে গিয়ে আমাদের নিজেদের শিক্ষকদের কথাও মনে পড়ে। আমরা তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি।”
সংবর্ধনা পাওয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন— রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম্রচাই কার্বারী, রামগড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী, বালুখালী আলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাতিরখেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইগ্র মগ, লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ নাথ এবং সোমাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি মজুমদার।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। আবেগঘন পরিবেশে শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।