সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, সোনারহাট ও দমদমিয়া বিওপির সদস্যরা একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় কুচে মাছ ও শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বারকি নৌকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ১৪ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে এ ধরনের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য জব্দের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।