কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু ও কসমেটিকস জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুড়িগ্রাম সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৪টি ভারতীয় গরু এবং বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৫ হাজার ৬৪০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, গতকাল ২৮ জুন সকাল ৯টা থেকে ২৯ জুন সকাল ৯টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করেন।
বিজিবির তথ্যমতে, উত্তর ধলডাংগা বিওপির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ৩ লাখ টাকা। ধলডাংগা বিওপির আরেকটি অভিযানে ৬টি ভারতীয় গরু উদ্ধার করা হয়, যার মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা। শালঝোড় বিওপির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ময়দান বিওপির অভিযানে ৬১ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১০ হাজার ৬৪০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।