জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা, ক্ষতিপূরণ (Reimbursement), পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (WPS)’ এজেন্ডা এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষীদের ক্ষতিপূরণ প্রক্রিয়া সহজ করতে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (DOS) সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগে জাতিসংঘের সহযোগিতারও প্রশংসা করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের পরিবেশগত ক্ষতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী।

নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের জন্য আরও নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলতে জাতিসংঘকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ তিনটি আধুনিক ও বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (FPU) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ইউনিটে সোয়াত, র‌্যাপিড রেসপন্স, বোমা নিষ্ক্রিয়করণ (EOD), ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নদীপথে অভিযান এবং মাদকবিরোধী অভিযানে প্রশিক্ষিত সদস্যরা থাকবেন।

তিনি আরও জানান, এ বিষয়ে সমঝোতা স্মারক (MOU) নিয়ে আলোচনা করতে আগামী ১৫ থেকে ১৭ জুলাই বাংলাদেশ পুলিশের তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দপ্তর সফর করবে। পাশাপাশি প্রয়োজনে অন্যান্য পুলিশ অবদানকারী দেশের সঙ্গে যৌথভাবে বিশেষায়িত পুলিশ টিম মোতায়েনেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বৈঠকের শেষে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশবান্ধব উদ্যোগ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed