সাংগু-মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
![]()
নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সাংগু নদীর পানি ১৫ দশমিক ৭৫ মিটার এবং মাতামুহুরী নদীর পানি ১২ দশমিক ২৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা উভয় নদীরই বিপৎসীমার ওপরে রয়েছে।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর, লামা, আলীকদম, রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়িসহ জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায় বান্দরবান-কেরানীহাট, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) জেলায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। পরে বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে ২২৯ মিলিমিটারে পৌঁছায়।

অব্যাহত বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে বান্দরবান শহরের নদীতীরবর্তী এলাকা, বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগরসহ আশপাশের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
এদিকে বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভ্রাম্যমাণ পানি শোধন ইউনিটের মাধ্যমে পুকুরের পানি পরিশোধন করে দুর্গত মানুষের মাঝে সরবরাহ করছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। তিনি জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।