পানছড়িতে বন্যাদুর্গত ৩০ অসহায় পরিবারে ৩ বিজিবির মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লোগাং জোনের (৩ বিজিবি) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
গত ছয় থেকে সাত দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানছড়ির বিভিন্ন এলাকায় বহু পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে দিনমজুরিসহ নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্যসংকট লাঘবে এই মানবিক সহায়তার উদ্যোগ নেয় বিজিবি।
ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের আগে জোন অধিনায়ক মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। স্থানীয়রা জানান, মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের এ উদ্যোগ বিজিবির সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইমরুল, সহকারী পরিচালক মো. আবদুল মতিন, বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।