বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বনজ সম্পদ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একই সঙ্গে দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়, যা আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস ও আবাসন এলাকায় পরিবেশের উপযোগী স্থান নির্বাচন করে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসব গাছ একদিকে যেমন দেশের সবুজায়ন বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই জাতীয় উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল অবস্থান আরও একবার প্রতিফলিত হলো।

সেনাবাহিনী জানায়, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এ সবুজায়ন কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।