চম্পা চাকমা ও সুমন চাকমার নেতৃত্বে লংগদু কার্বারী অ্যাসোসিয়েশনের ৩৯ সদস্যের কমিটি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলা কার্বারী অ্যাসোসিয়েশনের নতুন ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রথাগত শাসনব্যবস্থা আরও কার্যকর, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কার্বারী সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
লংগদু উপজেলা হেডম্যান কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সম্মেলনে চম্পা চাকমাকে সভাপতি এবং সুমন জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিনয় প্রসাদ চাকমা (কার্বারী)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক কুমার চাকমা (হেডম্যান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডম্যান অমর বিকাশ চাকমা, নিউটন চাকমা ও বিমল শান্তি চাকমাসহ উপজেলার ২৪টি মৌজার কার্বারীরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রথাগত শাসনব্যবস্থায় কার্বারীরা গ্রামীণ সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি, প্রথাগত আইন ও রীতিনীতির সংরক্ষণ এবং জনগণের কল্যাণে কার্বারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি প্রথাগত প্রশাসনকে আরও গতিশীল করবে এবং সামাজিক সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
সম্মেলনের শেষ পর্বে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি আগামী দিনে প্রথাগত শাসনব্যবস্থার মর্যাদা রক্ষা এবং জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কার্বারী ও হেডম্যানরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।