চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের
![]()
জার্নাল প্রতিবেদক
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছিল চীন। শুধু তাই নয়, নিজের দাবির পক্ষে কিছু গোয়েন্দা নথিও প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২৫ মিনিটের দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, চীন অবৈধভাবে প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে ভোটারদের নাম ও ঠিকানাসহ ভোটার নিবন্ধনের বিভিন্ন তথ্য রয়েছে।
তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে চীনের কর্মকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। পরাজয়ের পর থেকেই তিনি দাবি করে আসছেন, নির্বাচনে কারচুপি হয়েছে।
ডাকযোগে ভোট, ভোটিং মেশিন এবং অ-নাগরিকদের ভোট দেওয়া নিয়েও নানা অভিযোগ করেন এই রিপাবলিকান নেতা। তবে একাধিকবার ভোট পুনর্গণনার পরও বড় ধরনের কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।
এই অভিযোগ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্তও করেছে। ২০২১ সালে গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ মূল্যায়নে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটার নিবন্ধন, ভোটগ্রহণ, ভোট গণনা বা ফলাফল পরিবর্তনের জন্য কোনো বিদেশি শক্তি প্রযুক্তিগতভাবে হস্তক্ষেপ করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সেই মূল্যায়ন করা হয়েছিল ট্রাম্প প্রশাসনের তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জন র্যাটক্লিফের নেতৃত্বে। এরপরও আগামী নভেম্বরে মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প আবারও নির্বাচনী নিরাপত্তাকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছেন।
নিজ দল রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলছেন, ভোট দিতে বাধ্যতামূলক পরিচয়পত্র ও নাগরিকত্ব যাচাইয়ের বিধান চালু করতে হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।