ইরান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন
![]()
জার্নাল প্রতিবেদক
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ১০০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে এখন পর্যন্ত কোনো না কোনো ধরনের আঘাত পেয়েছেন এসব সেনা।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, মোট আহত সেনাদের মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যে পুনরায় দায়িত্বে ফিরে গেছেন। তার ভাষ্য, আহতদের বেশিরভাগই মৃদু কনকাশন (মস্তিষ্কে হালকা আঘাত)-এ আক্রান্ত হয়েছিলেন এবং তারা দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্ব পালন করছেন।
পারনেলের এই বক্তব্য আসে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত হওয়া মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহতের তথ্য জনসমক্ষে আনা হয়নি।
এদিকে সিএনএন সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে সামরিক বাহিনী ধীরগতিতে এগিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন।
তবে আহত সেনাদের সংখ্যা প্রকাশে বিলম্ব এবং তথ্য গোপনের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে পেন্টাগনের ব্যাখ্যা এবং সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানী প্রতিবেদন দেশটির সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।