বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা
![]()
জার্নাল প্রতিবেদক
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। নয় দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে শুক্রবার (২৪ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভের মাধ্যমে মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব—এমন বিশ্বাস থেকেই প্রতিবছর রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই বান্দরবানের বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী হরিনাম সংকীর্তন, আলোচনা সভা, ধর্মীয় সংগীত পরিবেশনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বিভিন্ন মঠ ও মন্দিরের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত।
উদ্বোধন শেষে বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে রথ টেনে শোভাযাত্রা শুরু হয়। ভক্তরা ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং নৃত্যের মধ্য দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গিয়ে সমবেত হন। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরের উল্টো রথযাত্রার সমাপ্তি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।