অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজারে নারী গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে অভিনব কৌশলে শরীরে লুকিয়ে রাখা ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে তল্লাশি অভিযানের সময় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া নারী মেহের খাতুন (৪০) টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, মেহের খাতুন মরিচ্যা এলাকা থেকে পায়ে হেঁটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। রেজুখাল লাল ব্রিজ অতিক্রমের সময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা মোবাইল ফোন এবং আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তবর্তী কক্সবাজার জেলায় মাদক পাচার প্রতিরোধে দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ৩৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় রেজুখাল চেকপোস্টে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সীমান্তে মাদকবিরোধী অভিযানে বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।